এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেদওয়ান আহমেদ

নিজস্ব প্রতিবেদন
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক মহাসচিব রেদোয়ান আহমেদ। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।
এ সময় মির্জা ফখরুল জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রেদোয়ান আহমেদ। যোগদান অনুষ্ঠানে রেদোয়ান বলেন, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শরিকদের আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপির অবস্থানের সঙ্গে তিনি একমত হলেও এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ সে সিদ্ধান্তে সহমত নন। তবে দলটির অধিকাংশ স্থায়ী কমিটির সদস্য এবং দেশজুড়ে এলডিপির নেতাকর্মীরা তার সিদ্ধান্তকে সমর্থন করছেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং এলডিপির বড় একটি অংশ বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয় থাকবে। বিএনপিতে ফেরাকে নিজের রাজনৈতিক ঘরে ফেরা হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেদোয়ান আহমেদের যোগদান বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকুও উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











