জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছাড় বিএনপির

নিজস্ব প্রতিবেদন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আসনগুলো হলো— নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্ত জানান। সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
ঘোষণা অনুযায়ী, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ এ মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ এ মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রার্থী হবেন। তারা সবাই নিজ নিজ দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
মির্জা ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এই সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম অন্য কোনো আসনেও প্রার্থী দেবে না।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ৩০০ আসনের মধ্যে ২৭২ আসনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলোতে পর্যায়ক্রমে সিদ্ধান্ত জানানো হবে। দেশের চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে গণতন্ত্রে উত্তরণের পথে এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, দেশের স্বার্থে বিএনপির নেতৃত্বে আস্থা রেখেই তারা এই নির্বাচনী জোটে যুক্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি ও জমিয়তের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











