আগামীকাল লন্ডনে তারেক রহমানের জনসভা

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বলে আগে জানিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশে ফেরার আগে তিনি আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে একটি আলোচনা সভায় অংশ নেবেন, যা তার যুক্তরাজ্যে শেষদিকের প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে। দলীয় সূত্র জানায়, বিজয় দিবস উপলক্ষ্যে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন তারেক রহমান।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানিয়েছেন, তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং আয়োজনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সঞ্চালনার দায়িত্বে থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
উল্লেখ্য, ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হওয়ার এক বছর পর চিকিৎসার উদ্দেশ্যে পরিবারসহ যুক্তরাজ্যে যান তারেক রহমান। সেই সময় থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











