জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ হাতিয়ায় গণসংযোগের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন।


রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার পুরাতন বাজার এলাকায় প্রচারণা চালানোর সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তার বাম পায়ে আঘাত করে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর তিনি তাৎক্ষণিকভাবে ব্যথা অনুভব করলেও জনসংযোগ চালিয়ে যান। পরে অতিরিক্ত চলাফেরার কারণে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। চিকিৎসা পরীক্ষা করে দেখা গেছে, তার পায়ে কোনো ভাঙা নেই, তবে আঘাতের কারণে ফোলা দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শে তিনি ওষুধ গ্রহণ করছেন এবং আপাতত বিশ্রামে রয়েছেন।


এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ জানান, এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত ঘটনা। এতে কোনো ধরনের ষড়যন্ত্র বা পরিকল্পিত হামলার বিষয় নেই। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার প্রচারণায় ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।