যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগার গেট থেকে বের হওয়ার পর বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ শোভাযাত্রায় তাকে সংবর্ধনা জানাতে দেখা যায় সমর্থকদের।



এর আগে সোমবার (২৪ নভেম্বর) আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৩ এর বিচারক মাসুম মিয়া তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে হাজির করার সময় জুয়েলের সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়। আদালত ভবনের সিঁড়ি দিয়ে নামানোর সময়ও ‘জেলের তালা ভাঙবো, জুয়েল ভাইকে আনবো’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।


জুয়েলের আইনজীবী মাজাহারুল ইসলাম জানান, রমনা মডেল থানার ০৯(৮)২০১৮ মামলায় ২৬ ডিসেম্বর ২০২৩ সালে তৎকালীন সরকারের নির্দেশনায় তাকে দুই বছর তিন মাসের সাজা দেওয়া হয়। আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। তবে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাকে জেলহাজতে পাঠানো হয়।



বুধবার জামিনে মুক্তির পর জুয়েলকে ঘিরে নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গাড়ির ছাদ থেকে হাত তুলে সমর্থকদের অভিবাদনও জানান তিনি।