মাদকের বিরুদ্ধে তুলির "জিরো টলারেন্স" নীতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
ঢাকা–১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ঘোষণা করেছেন—এলাকায় মাদক নির্মূলে তিনি “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করছেন। তাঁর দাবি, মাদকাসক্তি বর্তমানে এক ভয়াবহ সামাজিক সংকটে পরিণত হয়েছে, যা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের পাইকপাড়ায় আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তুলি বলেন, প্রচারণার সময় তিনি লক্ষ্য করেছেন—এলাকার অনেক জায়গায় সড়ক ও পাড়ামহল্লার অবস্থা নাজুক। নিম্ন আয়ের মানুষজন ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত, ফলে বিভিন্ন এলাকা অপরাধ ও মাদক বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। কর্মসংস্থান, শিক্ষা ও খেলাধুলার সুযোগের অভাব তরুণদের বিপথগামী করছে বলেও তিনি মন্তব্য করেন।
তুলি আরও বলেন, তরুণ সমাজকে স্বাবলম্বী করতে আত্মকর্মসংস্থান, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার পরিবেশ তৈরি করা হবে। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে তিনি কাজ করতে বদ্ধপরিকর বলে জানান।
আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোটের আহ্বান জানিয়ে তুলি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ঢাকা–১৪ আসনের প্রতিটি এলাকাকে আধুনিক, বাসযোগ্য ও অবকাঠামোগতভাবে উন্নত শহরাঞ্চলে রূপ দেওয়া হবে। সড়ক উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা, খেলার মাঠ নির্মাণসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার কথা তিনি আশ্বস্ত করেন।
১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক এবং ছাত্রদল নেতা রবিন খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











