বিএনপি–জামায়াতকে বাদ দিয়ে নতুন জোটের ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদন
রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। সোমবার (২৫ নভেম্বর) রাতে ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান—শিগগিরই ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজবিরোধী একটি নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তাদের লক্ষ্য—৩০০ আসনেই প্রার্থী দেওয়া।
তিনি বলেন, খুব শিগগিরই বিএনপি-জামায়াতের বাইরে আরেকটি শক্তিশালী জোট জনগণের সামনে আসবে, যারা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। এই নতুন অ্যালায়েন্স সংস্কার, নারীর অধিকার, আলেম-ওলামাদের মর্যাদা এবং দুর্নীতি-সন্ত্রাস-মূর্ত চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবে।
সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন—জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তার দাবি, পূর্বের অর্থনৈতিক স্বার্থ জড়িত কিছু শক্তি জাতীয় পার্টির মাধ্যমেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে।
নেতারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনকে ভাগ-বাটোয়ারার পুরোনো মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে।
দুই দিনব্যাপী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের পরই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











