বন্যা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুলের কারণে কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ওই ভুলের বিপরীতে সবাইকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
সংসদে শিক্ষামন্ত্রী চলমান এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন "শিক্ষার্থীরা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে—এটিই আমাদের প্রত্যাশা।
বন্যা ও বৃষ্টির কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারে, তবে তাদের সুবিধার্থে প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে। প্রশাসনের কোনো ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে তা অবশ্যই পুষিয়ে দেওয়া হবে।"
চলতি এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল থাকার যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেন যে, ভুলের জন্য পরীক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। প্রশ্নপত্রের ওই ভুলের বিপরীতে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) চত্বরের দিকে রওনা দিলে পুলিশ তাদের বাধা দেয়।
পুলিশের বাধা পেরিয়ে শিক্ষার্থীরা পলাশী মোড় হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকে ইটপাটকেল ছোড়েন এবং গেট ধাক্কাধাক্কি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, এবারের অভিন্ন প্রশ্নপত্র অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠিন করা হয়েছে এবং ভুল প্রশ্ন রাখার মাধ্যমে তাদের ভবিষ্যৎকে সংকটে ফেলা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে পুনরায় পরীক্ষা নেওয়া এবং ভুলের পূর্ণ নম্বর দেওয়ার আশ্বাসের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।
ইউ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








