তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান একজন কর্মনিষ্ঠ ও দূরদর্শী নেতা, যিনি দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শনিবার (২০ জুন) বিকেলে মুন্সীগঞ্জ সার্কিট হাউস-এ জেলা প্রশাসনের আয়োজিত জেলার অবকাঠামোগত উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে ফেরার পর থেকেই তারেক রহমান একটি পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছেন। জনগণের ভোটে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর তিনি সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। তার ভাষায়, “এ ধরনের বৃহৎ কর্মযজ্ঞ কেবল সেই নেতারাই পরিচালনা করতে পারেন, যারা স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে জানেন।”
তিনি আরও বলেন, তারেক রহমান একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে কাজ করে দেখেছেন, তিনি একজন “কাজপাগল মানুষ”, যিনি দিনরাত দেশের বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বক্তব্যে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এ জেলায় অতীশ দীপঙ্কর এবং জগদীশচন্দ্র বসু-এর মতো কৃতী ব্যক্তিত্বের জন্ম হয়েছে। নতুন প্রজন্মের সামনে এসব মহান ব্যক্তির জীবন ও কর্ম তুলে ধরার আহ্বান জানান তিনি।
দেশের শিশু-কিশোরদের বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, খেলাধুলা, সংগীত ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
সরকারের উন্নয়ন কর্মসূচির বিষয়ে তিনি জানান, সারা দেশে খাল পুনঃখনন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদানের মতো নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।
মুন্সীগঞ্জের অবকাঠামোগত সমস্যা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জেলার রাস্তা, সেতু ও কালভার্টসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএমজে

অনলাইন ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






