সরকার আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহুল প্রতীক্ষিত তৃতীয় (থার্ড) টার্মিনাল উদ্বোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২০ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি-এর বৈঠকে থার্ড টার্মিনাল প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় তৃতীয় টার্মিনালের উদ্বোধন অন্যতম প্রধান বিষয় ছিল। সম্প্রতি জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীর ঢাকা সফর এবং সংশ্লিষ্ট জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর ১৬ ডিসেম্বর উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান Sumitomo Corporation ও Nippon Koei-এর কাজ দ্রুত সম্পন্ন নিশ্চিত করতে জাপানি রাষ্ট্রদূতের সহযোগিতা চাওয়া হয়েছে। রাষ্ট্রদূতও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে আশ্বাস দিয়েছেন।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ‘রিকুয়েস্ট ফর প্রপোজাল’ (আরএফপি) প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় নথিপত্র আগামী ১৯ জুলাইয়ের মধ্যে টোকিওতে জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে প্রক্রিয়া সম্পন্ন হলে ওআরএটি (Operational Readiness and Airport Transfer) কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি ২০১৭ সালে অনুমোদন পায় এবং ২০১৯ সালের ডিসেম্বরে এর নির্মাণকাজ শুরু হয়। শুরুতে প্রকল্প ব্যয় ১৩ হাজার ৬১০ কোটি টাকা নির্ধারণ করা হলেও পরে তা বৃদ্ধি পেয়ে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকায় উন্নীত হয়েছে। প্রকল্পের অধিকাংশ অর্থায়ন করছে Japan International Cooperation Agency (JICA)। প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালটি দেশের বিমান পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

এজেএ