রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি আবাসিক ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার এবং স্মার্টফোনসহ প্রায় ৭২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টা থেকে রাত ১১টার মধ্যে পল্লবীর ১৪ নম্বর রোডের ২৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা মো. গোলাম কিবরিয়া (৬৫) পল্লবী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

 অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল আনুমানিক ৪টার দিকে গোলাম কিবরিয়া ফ্ল্যাটে তালা দিয়ে তার দোকানে যান। এর আগেই তার স্ত্রী বোনের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন। ফলে বাসাটি সম্পূর্ণ ফাঁকা ছিল।

 রাত ১১টার দিকে গোলাম কিবরিয়া বাসায় ফিরে মূল দরজার তালা খোলার চেষ্টা করেন। কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও চাবি দিয়ে তালা খুলতে না পেরে তিনি একজন তালা মিস্ত্রি ডেকে আনেন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, ফ্ল্যাটের দক্ষিণ দিকের জানালার গ্রিল কাটা এবং ঘরের ভেতরের সব জিনিসপত্র এলোমেলো ছড়ানো-ছিটিয়ে রয়েছে।

 চোরেরা আনুমানিক ৭০ লাখ টাকা মূল্যের ৩০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। এছাড়াও ১৮ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং ২৫ হাজার টাকা মূল্যের একটি ওপ্পো স্মার্টফোন নিয়ে যায়। এছাড়াও আরও প্রায় ২০ হাজার টাকার মূল্যবান মালামাল নিয়ে যায়।

 ভুক্তভোগী গোলাম কিবরিয়া জানান, ঘটনার পর আশপাশের প্রতিবেশী আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা এবং চুরি হওয়া মালামালের হিসাব মেলাতে থানায় আসতে তার কিছুটা দেরি হয়েছে। পরে শুক্রবার (১৯ জুন) তিনি পল্লবী থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

 পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে ইতিমধ্যে তদন্ত অভিযান শুরু হয়েছে।