চানখাঁরপুল হত্যা মামলার রায় প্রত্যাখ্যান করে ১০১ সংগঠনের বিবৃতি

নিজস্ব প্রতিবেদন
রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায় প্রত্যাখ্যান করেছে জুলাই ঐক্যের সহযোগী ১০১টি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। তারা এ রায়কে শহীদদের রক্তের প্রতি অবমাননা বলে আখ্যা দিয়েছে।
সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, লং মার্চ ঠেকাতে তৎকালীন এডিসি আখতারুল ইসলাম বিপুর নেতৃত্বে চানখাঁরপুলে অবস্থান নেওয়া পুলিশের একটি দল বিনা উসকানিতে জনতার ওপর গুলি চালায়। এ ঘটনায় কনস্টেবল সুজনসহ তিনজনের সরাসরি গুলিতে একাধিক মানুষ নিহত হন—যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, তদন্ত কর্মকর্তা সব আসামির বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগে চার্জশিট দিলেও ঘোষিত রায়ে ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর কনস্টেবল সুজনকে মাত্র তিন বছরের কারাদণ্ড দিয়ে বাকি দুই কনস্টেবলকে খালাস দেওয়া হয়। এ রায়ে তারা ক্ষুব্ধ ও বিস্মিত বলে জানায় সংগঠনগুলো।
তারা আরও বলে, প্রকাশ্য উল্লাসের মধ্য দিয়ে গুলি চালানো একজন আসামিকে সর্বোচ্চ শাস্তি না দেওয়া বিচারিক প্রহসন ছাড়া কিছু নয়। দ্রুত রায় পুনর্বিবেচনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। একই সঙ্গে বলা হয়, রায় বহাল থাকলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে।
যৌথ বিবৃতিতে জুলাই ঐক্যের সহযোগী হিসেবে বিভিন্ন ছাত্র, যুব, সাংস্কৃতিক, মানবাধিকার ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










