হাদির পরিবারকে ২ কোটি টাকা দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে মোট দুই কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা এবং পরিবারটির জীবনযাপন ব্যয় নির্বাহে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও এক কোটি টাকা দেওয়া হবে।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, পরিবারের বিষয়ে দুটি আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফ্ল্যাট কেনার অনুদান ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ বিভাগের সূত্র জানায়, রাজধানীর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’-এ ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যা ব্যবহার করবেন ওসমান হাদির স্ত্রী ও সন্তান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পর যাচাই-বাছাই শেষে অনুদান অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করে লাভ নেই। এর আগে নিহত শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে তিন বছরের চুক্তিতে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
তার মৃত্যুর পর জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রের পক্ষ থেকে পরিবারটির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোকও পালন করা হয়।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










