মুফতি আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত

নিজস্ব প্রতিবেদন
নিরাপত্তা ঝুঁকি ও দেশের সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে সারা দেশে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
সোমবার (১৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে পূর্বনির্ধারিত মাহফিল বাতিল হওয়ায় সংশ্লিষ্ট আয়োজকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমির হামজা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি হত্যার হুমকির কথা উল্লেখ করে জানান, তিনি মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত। পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং সমর্থকদের প্রতি কুষ্টিয়ায় চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে খুলনা ও কুষ্টিয়ায় তার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। বিষয়টি নিয়ে দেওয়া ব্যাখ্যায় আমির হামজা বলেন, আলোচিত বক্তব্যটি ২০২৩ সালের পুরোনো এবং সে সময়ই তিনি অনুতাপ প্রকাশ করেছিলেন। সম্প্রতি আবারও ওই বক্তব্য অনাকাঙ্ক্ষিত ছিল বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










