ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তলব করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জনসভা আয়োজনের অনুমতি না থাকা সত্ত্বেও বড় সমাবেশ করা এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকির অভিযোগে তাকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টার মধ্যে তাকে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে হবে। নির্ধারিত সময়ে হাজির না হলে তার অনুপস্থিতিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, জানুয়ারির শুরুতে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রায় ৪০০–৫০০ লোকের উপস্থিতিতে মাইক ব্যবহার করে বড় মঞ্চে বক্তব্য দেন রুমিন ফারহানা, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর পরিপন্থী। সমাবেশ বন্ধের নির্দেশ দিতে গেলে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং প্রকাশ্যে হুমকি ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে।
রিটার্নিং কর্মকর্তার মতে, এ ঘটনায় জনসমক্ষে সরকারি কর্মকর্তাকে ভয়ভীতি দেখানো হয় এবং বিচারিক কাজে বাধা সৃষ্টি করা হয়, যা নির্বাচনী শৃঙ্খলা পরিপন্থী। ঘটনার ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










