ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কিছু জটিলতা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যোগ্যতার সঙ্গে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে জিয়াউর রহমান একটি অনন্য নাম। স্বাধীনতার ঘোষণা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর পথে এগিয়ে নেওয়ার মাধ্যমে তিনি দেশকে নতুন দিশা দিয়েছেন। সে কারণেই বিএনপি প্রতিবছর তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং তার আদর্শকে সামনে রেখে রাজনীতি করে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা এসেছে এবং দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটেছে। এখন দেশের ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপি নতুন করে অঙ্গীকারবদ্ধ হয়েছে।
দলীয় প্রার্থীদের মনোনয়ন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকতেই পারে। এসব বিষয় নির্বাচন কমিশনের দৃষ্টিতে আনা হয়েছে এবং বিএনপি বিশ্বাস করে, কমিশন নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










