শোকজের জবাব দিতে ইসিতে মামুনুল হক

নিজস্ব প্রতিবেদন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দেওয়া শোকজ নোটিশের জবাব দিতে শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনে হাজির হন ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মামুনুল হক। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে তিনি দাবি করেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাকে শোকজ করা হয়েছে এবং গণভোটের প্রচারণার সময় নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়েছে। এতে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে গত বুধবার ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর স্বাক্ষরিত চিঠিতে মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ১৩ জানুয়ারি বিকেলে তিনি নির্বাচন কমিশন ভবনের সামনে অনুসারীদের নিয়ে লিফলেট বিতরণ করেন, যা আচরণবিধির পরিপন্থী। যেহেতু ভোটের তারিখ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত, তাই তিন সপ্তাহের আগে প্রচারণা চালানো নিষিদ্ধ—এ কারণে এটি বিধি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।
নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয় এবং কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাখ্যা চাওয়া হয়। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মানা সবার জন্য বাধ্যতামূলক এবং প্রাপ্ত অভিযোগের ভিত্তিতেই নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










