নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, এটি মান্নার নতুন করে হার্ট অ্যাটাকের ঘটনা। উল্লেখ্য, তিনি আগেও একাধিকবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে হৃদ্‌রোগজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দলীয় সূত্রের তথ্যমতে, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাবন্দি অবস্থায় প্রথমবার তার হার্ট অ্যাটাক হয় এবং সে সময় পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে।