ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

নিজস্ব প্রতিবেদন
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে গুলিবর্ষণের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনার প্রেক্ষিতে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সীমান্ত অতিক্রম করে গুলিবর্ষণের ফলে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হওয়ার বিষয়টি তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশ পক্ষ স্পষ্টভাবে জানায়, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থি।
পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারকে এই ঘটনার পূর্ণ দায় নেওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে যেন সীমান্তে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যেন কোনোভাবেই বাংলাদেশের নাগরিকদের জীবন ও নিরাপত্তার ওপর প্রভাব না ফেলে—এ বিষয়েও সতর্ক করা হয়।
বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং আহত শিশুসহ তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










