নির্যাতন আর সত্যের লড়াইয়ে ট্রাইব্যুনালে তারিক আনাম!

নিজস্ব প্রতিবেদন
চট্টগ্রামে ২০১১ সালে সংঘটিত এক ভয়াবহ নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে কোর্টরুম ড্রামা সিনেমা ‘ট্রাইব্যুনাল’। আলোচিত এই সিনেমাটিতে যুক্ত হয়েছেন দেশের শক্তিমান অভিনেতা তারিক আনাম খান।
সিনেমাটির চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি ও পরিচালনায় রয়েছেন রায়হান খান। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় ‘ট্রাইব্যুনাল’কে বাংলাদেশের অন্যতম শক্তিশালী কোর্টরুম ড্রামা হিসেবে নির্মাণের লক্ষ্য তার। নারী নির্যাতন, দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং ন্যায়বিচারের দাবিতে নারীদের নীরব সংগ্রামই সিনেমাটির মূল উপজীব্য।
‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তারিক আনাম খান অভিনয় করছেন ‘গিয়াস’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ইতোমধ্যে তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শেষ অংশের দৃশ্যধারণ চলছে।
সিনেমাটির চারটি প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার জাহান। এর আগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে তারিক আনাম খান বলেন,
“রায়হান খান আমাদের ইন্ডাস্ট্রির বড় সম্পদ। তার ক্যামেরা ও লেখায় অনেক ভালো কাজ রয়েছে। ‘মৃধা বনাম মৃধা’তেও আমি ছিলাম। তার গল্প বলার ধরন আলাদা। ‘ট্রাইব্যুনাল’ এমন একটি গল্প, যা একসময় দেশজুড়ে আলোচনায় এলেও সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছিল। এই সিনেমা মূলত সেই নারীদের কণ্ঠস্বর, যাদের গল্প কখনও শিরোনাম হয় না।”
নির্মাতা রায়হান খান জানান, সিনেমাটির প্রায় ৯০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই বাকি অংশের কাজ শেষ করা হবে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, মিলন ভট্টাচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম, উপমাসহ আরও অনেকে।
নাইন্টিজ প্রডাকশনস ব্যানারে নির্মিত ‘ট্রাইব্যুনাল’ আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, তারিক আনাম খান দীর্ঘদিন ধরে সিনেমা, নাটক ও ওটিটি মাধ্যমে নিয়মিত অভিনয় করছেন। তিনি ২০১৪ সালে ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ খল অভিনেতা এবং ২০২০ সালে ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










