মুসাব্বির হত্যাকান্ড নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদন
রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে তিনজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জিনাত, বিল্লাল ও রিয়াজ। শুক্রবার রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাদের গ্রেপ্তার করে।
তদন্ত সূত্রে জানা যায়, জিনাত সরাসরি গুলি চালায়, বিল্লাল পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং রিয়াজ সহযোগীর ভূমিকা পালন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, মোটরসাইকেল কেনার প্রলোভন, বড় অঙ্কের অর্থ ও দ্রুত জামিনের আশ্বাস দিয়ে জিনাতকে ভাড়া করে বিল্লাল। পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সে সক্রিয় ছিল।
পুলিশের ধারণা, স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের বিরোধ ও ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি ঘিরে সৃষ্ট দ্বন্দ্ব এই হত্যার পেছনে ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির। ওই ঘটনায় ভ্যানচালক সমিতির নেতা আবু সুফিয়ান মাসুদ গুরুতর আহত হন। পরদিন নিহতের স্ত্রী তেজগাঁও থানায় হত্যা মামলা করেন।
ডিবি জানিয়েছে, ঘটনার পর থেকেই একাধিক দল মাঠে কাজ করছে। আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলমান। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং হত্যার নেপথ্যের কারণ উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










