ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নেতৃত্বদানের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক যুবকের নাম ইয়াছিন আরাফাত (২৫)। বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ইয়াছিন ভালুকার দক্ষিণ হবিরবাড়ি এলাকার বাসিন্দা এবং তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি ও একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

তদন্তে উঠে এসেছে, গত ১৮ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু দাসকে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন ধরানো হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ইয়াছিন আরাফাত ঘটনার সময় কারখানার গেট এলাকায় লোক জড়ো করে স্লোগান দেন এবং হত্যার পর মরদেহ টেনে নিয়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় পুড়িয়ে দেওয়ার নেতৃত্ব দেন। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান এবং ঢাকায় বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করেন।

এ ঘটনায় দিপুর ভাই অপু চন্দ্র দাস ভালুকা থানায় মামলা করলে এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮ জন রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে এবং ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের রিমান্ড প্রক্রিয়া চলমান রয়েছে।