ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান

নিজস্ব প্রতিবেদন
রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্রের মূলহোতা তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য জানান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ এবং আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
ডিবির তদন্তে জানা যায়, চক্রটি বিদেশ থেকে অবৈধভাবে আইফোনের যন্ত্রাংশ দেশে এনে রাজধানীর গোপন আস্তানায় সেগুলো জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ ফোন তৈরি করত। পরে এসব ফোন নতুনের মতো প্যাকেটজাত করে আসল আইফোন হিসেবে বাজারে উচ্চ দামে বিক্রি করা হতো।
ডিসি সোহেল জানান, এই চক্রের সঙ্গে কয়েকজন দেশীয় অসাধু মোবাইল ব্যবসায়ীও জড়িত রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি ভোক্তাদের উদ্দেশে সতর্ক করে বলেন, অনুমোদনহীন বা অস্বাভাবিক কম দামে বিক্রি হওয়া ফোন কিনলে প্রতারণার ঝুঁকি থাকে, তাই কেনার সময় সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










