দুর্বৃত্তের গুলিতে মৃত্যু বাদ যোহর নয়াপল্টনে মুসাব্বিরের জানাজা

নিজস্ব প্রতিবেদন
দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ রাজধানীর নয়াপল্টনে নেওয়া হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিমের পাঠানো এক বার্তায় নিশ্চিত করা হয়েছে।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার পথে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আগে থেকেই গলিতে অবস্থান নেওয়া দুই হামলাকারী হঠাৎ পেছন থেকে গুলি করে তাকে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান এবং পালানোর চেষ্টা করলে তার মোবাইল ফোন পড়ে যায়, যা নিয়ে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।
এই হামলায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামের আরেকজনও আহত হন। পুলিশ জানায়, গুরুতর অবস্থায় মুসাব্বিরকে পান্থপথের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










