জয় ও পলকের বিরুদ্ধে শুনানি পিছিয়ে রোববার

নিজস্ব প্রতিবেদন
২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আগামী রোববার, ১১ জানুয়ারি।
রাষ্ট্রপক্ষের অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে তিনটি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, আন্দোলনের সময় মোবাইল ফোনে সমন্বয়ের মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে তারা গণহত্যার তথ্য আড়াল করেন। পাশাপাশি ইন্টারনেটের লাইন পুড়িয়ে দেওয়ার গুজব ছড়িয়ে এর দায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চাপানোর অভিযোগও রয়েছে।
মামলায় জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন। অপরদিকে অভিযোগ আমলে নিয়ে আদালত সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পলাতক জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) মামলা পরিচালনা করবেন।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ কুষ্টিয়ায় ছয়জন হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










