পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করার পরিকল্পনা করছেন। দলীয় সূত্র জানিয়েছে, তার সম্ভাব্য কক্সবাজার সফরের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কর্মসূচি চূড়ান্ত করতে আগাম প্রস্তুতি ও পরিদর্শন কার্যক্রম চলছে। সব তথ্য দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হবে, এরপর আনুষ্ঠানিকভাবে সফরসূচি ঘোষণা করা হবে। নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফরের সম্ভাবনা অত্যন্ত জোরালো।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফিরে কক্সবাজার সফর বিএনপি পরিবারের জন্য আনন্দ ও গর্বের বিষয়।
দলীয় কর্মসূচি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি তিনি ১৯ বছর পর বগুড়া সফর করবেন। পরদিন ১২ জানুয়ারি রংপুরে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে। এর আগে গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর ৩০০ ফিট এলাকায় তাকে অভ্যর্থনা জানাতে জড়ো হয় বিপুলসংখ্যক মানুষ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হিসেবে পরিচিত। চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










