বেগম খালেদা জিয়ার প্রয়াণ আজও সমাধিতে শ্রদ্ধা জানাতে জনমানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের অষ্টম দিনেও তার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) শোকাবহ পরিবেশে দোয়া, কোরআন তেলাওয়াত ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়াত নেত্রীর প্রতি সম্মান জানান।
সকাল থেকেই দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাধিস্থল আবেগঘন হয়ে ওঠে। অনেককে চোখের জলে কবর জিয়ারত করতে দেখা যায়। শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তারা পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাতে অংশ নেন।
দোয়া শেষে নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসমাপ্ত লক্ষ্য বাস্তবায়নের মধ্য দিয়েই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। তারা আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সেই পথেই এগোবে দল। বক্তারা আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










