দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাবেক ১৩ জন সচিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।


দুদকের আবেদনে বলা হয়, মামলার আসামিরা পরিবারসহ বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন এমন আশঙ্কা রয়েছে। তারা দেশত্যাগ করলে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের কাছে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়, যা আদালত মঞ্জুর করেন।


নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যদের মধ্যে রয়েছেন সেতু বিভাগ, সড়ক পরিবহন, জননিরাপত্তা, বিদ্যুৎ, ভূমি, পানিসম্পদ, রেলপথ, প্রতিরক্ষা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের সাবেক শীর্ষ কর্মকর্তারা।


মামলার অভিযোগ অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণ করা ৪০ একর জমি পরে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ওই জমিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীদের জন্য ৯৯ বছরের লিজে আবাসন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যা প্রচলিত আইন ও বিধির পরিপন্থী।


দুদকের নথিতে উল্লেখ করা হয়, প্রয়োজনীয় অনুমোদন ও সরকারি গেজেট প্রকাশ ছাড়াই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আসামিরা পরস্পরের যোগসাজশে এই অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগে বলা হয়। এ ঘটনায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে দুদকের দাবি।