রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের আশপাশ থেকে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন—চাঁদপুর সদরের বাসিন্দা ইনামে হামীম, মতলব দক্ষিণ উপজেলার মো. রুহুল আমিন (৪৬) এবং মো. ওমর ফারুক। পুলিশ জানায়, একজনকে শনিবার গভীর রাতে এবং অপর দুজনকে রোববার সকালে আটক করা হয়।

পুলিশ ও সিএসএফ সূত্র অনুযায়ী, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনের আশপাশে সন্দেহজনক ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। তল্লাশির সময় একজনের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে গুলশান থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান গুলশানের ওই বাসভবনে অবস্থান করছেন।