পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। গত ৩০ ডিসেম্বর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়। তার বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের বাসিন্দা।

ইলিয়াস আজিজ জানান, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেম তাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। কন্যাসন্তানের জন্মের দিন জাতীয় শোকের আবহ থাকায় সেই আবেগ থেকেই তারা এ নাম বেছে নেন। তিনি বলেন, ভবিষ্যতে মেয়েকে ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার ইচ্ছা রয়েছে।

মা মারিয়ম বলেন, এই নামকরণের পেছনে রয়েছে পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ। তারা চান, সন্তান নৈতিকতা ও আদর্শ নিয়ে বড় হোক।

এলাকাবাসী আল-আমিন জানান, নামটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে এবং এটি রাজনৈতিক ইতিহাসের প্রতি মানুষের আবেগেরই প্রতিফলন। স্থানীয় বিএনপি নেতার মতে, এমন সিদ্ধান্ত মানুষের রাজনীতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতক ও তার মা দুজনই সুস্থ আছেন।