বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী আফরোজার ভবনসহ জমি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদন
দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্তাধীন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগমের মালিকানাধীন রাজধানীর গুলশানে প্রায় ৪.৯৫ একর জমিতে নির্মিত বহুতল ভবনসহ সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ভাটারা এলাকায় তার নামে থাকা আরও প্রায় ৩.৩৭ একর জমিও জব্দ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আবেদনটি করেন।
আবেদনে উল্লেখ করা হয়, আহমেদ আকবর সোবহান ও তার সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ রয়েছে এবং বিষয়টি তদন্তে ১০ সদস্যের একটি অনুসন্ধান দল কাজ করছে। অনুসন্ধানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া আফরোজা বেগম তার স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন—এমন তথ্য পাওয়ায় মামলা ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আগাম জব্দ প্রয়োজন বলে জানানো হয়।
রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক সরকার-ঘনিষ্ঠ বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে তদন্ত জোরদার করে বিভিন্ন সংস্থা। এর অংশ হিসেবে এনবিআরের সিআইসি বসুন্ধরাসহ কয়েকটি বড় গ্রুপের মালিকদের লেনদেন খতিয়ে দেখতে ব্যাংকগুলোতে চিঠি দেয়। পরে বিএফআইইউ আহমেদ আকবর সোবহান ও তার চার ছেলেসহ আটজনের ব্যাংক হিসাব স্থগিত করে। আদালত তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়।
এছাড়া সিআইডি বিপুল পরিমাণ জমি দখল ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সর্বশেষ ন্যাশনাল ব্যাংকের প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ডিসেম্বরে দুদক আনুষ্ঠানিক মামলা করে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










