শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার মাঠ ও শিশু পার্কের আশপাশে তামাক ও সিগারেট বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন। এতে এসব স্থানের নির্ধারিত এলাকায় তামাক বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি প্রকাশ করা হয়। ২০০৫ সালের বিদ্যমান আইন সংশোধনের মাধ্যমে নতুন এ বিধান কার্যকর করা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানা থেকে ১০০ মিটারের মধ্যে কোনো ব্যক্তি তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে কিংবা করাতে পারবেন না। প্রয়োজনে সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান আদেশের মাধ্যমে এ সীমা আরও বাড়াতে পারবে।
নিয়ম ভাঙলে প্রথমবার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। একই অপরাধ পুনরায় সংঘটিত হলে জরিমানার অঙ্ক দ্বিগুণ হবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










