বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। দলীয় নেতাকর্মীর পাশাপাশি সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজাস্থল ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

বাদ জোহর দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবন এলাকা, আশপাশের সড়ক ও সংলগ্ন স্থানে ভিড় বাড়তে থাকে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর নানা প্রান্ত থেকে মিছিল ও দলবদ্ধভাবে মানুষ আসছেন। অনেকের হাতে দলীয় পতাকা ও ব্যানার, চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর গভীর শোক।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দাফনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন।