তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। ঢাকায় পৌঁছেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এস. জয়শঙ্কর ঢাকা সফর করবেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










