সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

নিজস্ব প্রতিবেদন
কড়া নিরাপত্তা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়েছে। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি ফ্রিজার ভ্যানে বহন করা হয়। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে ভ্যানটি সংসদ ভবন এলাকায় পৌঁছায়।
এর আগে সকালবেলায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ গুলশানে নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে তারেক রহমানের বাসা থেকে যাত্রা শুরু করে ফ্রিজার ভ্যানটি সংসদ ভবনের উদ্দেশ্যে।
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ব্যাপক সমাগম দেখা যায়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর শোক স্পষ্ট।
ভিড় সামাল দিতে ও জানাজা নির্বিঘ্ন করতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে। দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার ইন্তেকালে সরকার আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










