ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদন
ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম দ্রুত বাদ দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে বগুড়া থেকে নির্বাচনে অংশ নিতে তার আর আইনগত বাধা থাকছে না। সোমবার সকালে বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন এবং একই সঙ্গে হাইকোর্টের আগের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন।
এর আগে ঋণখেলাপি হিসেবে নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে মান্না হাইকোর্টে রিট করেছিলেন, যা গত ২৪ ডিসেম্বর খারিজ হয়। পরে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে চেম্বার আদালত হাইকোর্টের রায় সাময়িকভাবে স্থগিত করেন।
এই মামলার সূত্রপাত হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দেওয়া ‘কল ব্যাক নোটিশ’ থেকে। গত ৩ ডিসেম্বর ব্যাংকটি বগুড়ার বড়গোলা শাখা থেকে আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে প্রায় ৩৮ কোটি টাকার বকেয়া আদায়ের নোটিশ দেয়। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল।
ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির বড় অংশীদার মাহমুদুর রহমান মান্না। ২০১০ সালে বিনিয়োগ অনুমোদন পেলেও নিয়মিত কিস্তি ও অন্যান্য পরিশোধ না করায় বকেয়ার অঙ্ক বাড়ে। তবে সর্বশেষ আদালতের আদেশে আপাতত ঋণখেলাপি সংক্রান্ত বাধা কেটে যাওয়ায় মান্নার নির্বাচনী পথ উন্মুক্ত হলো।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










