আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন তার দায়িত্বকাল শেষ করে দেশে ফেরার আগে সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, দ্বিপক্ষীয় বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, শ্রম সংস্কার এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১৭ মাসে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন, নির্বাচন ও গণভোট সফল করতে সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শ্রম সংস্কার প্রসঙ্গে মার্কিন কূটনীতিক অন্তর্বর্তী সরকারের নতুন শ্রম আইনকে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি বিদেশি বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে।
শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা অধিকাংশ মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানান। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় ড. ইউনূস যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় দাতা দেশ।
বিদায়ী সাক্ষাতে ট্রেসি অ্যান জ্যাকবসনের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস তাকে বাংলাদেশের বন্ধু হিসেবে আখ্যা দেন এবং ভবিষ্যতে আবার বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।











