দেশের ৫ নাগরিককে পুশইন করেছে বিএসএফ - বিজিবি অধিনায়ক

নিজস্ব প্রতিবেদন
রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের ইটাঘাটা বিওপির সদস্যরা একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনকে রাতের আঁধারে সীমান্ত পার করে দেয়। পরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিজিবি তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।
আটক ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার কামরুল লস্কর, তার স্ত্রী লিপি লস্কর, ছেলে সাদ্দাম লস্কর ও মেয়ে ফিরোজা লস্কর এবং বাগেরহাটের মোল্লারহাট উপজেলার হায়দার সরদার।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, বিজিবির কাছ থেকে পাঁচজনকে গ্রহণ করা হয়েছে। পরিচয় যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, একই সীমান্ত দিয়ে এর আগেও বাংলাদেশিদের পুশইনের ঘটনা ঘটেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে এবং সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রাজশাহী ব্যুরো

নিজস্ব প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










