অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

নিজস্ব প্রতিবেদন
সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ শনিবার (২৭ ডিসেম্বর) অবসর গ্রহণ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে দেশের ২৬তম প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, যিনি আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) শপথ নেবেন।
গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এরপর ১০ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ, যিনি প্রায় এক বছর চার মাস দায়িত্ব পালন করেন।
১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করা সৈয়দ রেফাত আহমেদ আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। তিনি ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক এবং ২০০৫ সালে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।
বাংলাদেশের বিচারাঙ্গনের ইতিহাসে তিনি ব্যতিক্রমী নজির স্থাপন করেন—হাইকোর্টের বিচারপতি থাকা অবস্থাতেই সরাসরি প্রধান বিচারপতির দায়িত্ব পান, যা আগে আর কারও ক্ষেত্রে ঘটেনি।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










