হাদি হত্যা: তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তিন আসামি আদালতে দোষ স্বীকার করেছেন। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
দুই দফায় মোট ৯ দিনের রিমান্ড শেষে বুধবার সন্ধ্যায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পর আদালত পৃথকভাবে তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা নিশ্চিত করেছে।
এর আগে, ১৫ ডিসেম্বর প্রথম দফায় পাঁচ দিন এবং ২০ ডিসেম্বর দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে মামলায় হত্যাচেষ্টার ধারার সঙ্গে হত্যা ধারা যুক্ত করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, জুমার নামাজ শেষে কর্মসূচি থেকে ফেরার পথে মোটরসাইকেলে অনুসরণ করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










