তারেক রহমানকে স্বাগতম জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদন
দীর্ঘ প্রায় দেড় যুগের প্রবাসজীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তারেক রহমান ও তার পরিবারকে শুভেচ্ছা জানান। সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, তারেক রহমানকে সপরিবারে স্বাগতম।
এর আগে একই দিন দুপুর ১২টার দিকে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য হলো—একসময় বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক হলেও বর্তমানে জামায়াত ও বিএনপি আলাদা রাজনৈতিক অবস্থানে রয়েছে। চলতি বছরের এপ্রিলে লন্ডন সফরের সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় খালেদা জিয়ার চিকিৎসাকালীন লন্ডনে অবস্থানকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সাম্প্রতিক লন্ডন সফরে তাদের সাক্ষাতের কোনো তথ্য পাওয়া যায়নি, যা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দুই দলের ভিন্ন অবস্থানকেই ইঙ্গিত করে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










