নওগাঁর পত্নীতলা উপজেলায় দিঘি খননের সময় একটি প্রাচীন ও দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শিমুলতলী বিওপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সীমান্ত পিলার ২৫৯ এমপি থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে নলপুকুর বুড়োল দিঘীতে খননকাজ চলাকালে স্থানীয়রা মূর্তিটি দেখতে পান।

খবর পাওয়ার পর সুবেদার মো. তহুরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দিঘি থেকে মূর্তিটি উদ্ধার করে। পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার হওয়া মূর্তিটি একটি মূল্যবান প্রত্নসম্পদ এবং এর সিজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।