আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটে প্রথমবারের মতো কারাগারে থাকা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ‘ইন কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি)’ পদ্ধতিতে জেলখানার ভেতর থেকেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।


বুধবার (২৪ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে জারি করা নির্দেশনায় জানানো হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী কারাবন্দিদের জন্য আলাদা ব্যবস্থায় ভোটগ্রহণ হবে। এ জন্য একটি ডিজিটাল নিবন্ধন প্ল্যাটফর্ম চালু করা হবে, যেখানে কারা কর্তৃপক্ষ মনোনীত প্রতিনিধিরা বন্দি ভোটারদের তালিকা প্রস্তুত ও আপলোড করবেন।


নির্দেশনায় বলা হয়েছে, পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম নয়, শুধু প্রতীক থাকবে। সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বন্দিরা আলাদা দুটি ব্যালট পাবেন। ভোট দেওয়ার সময় কারাগারের ভেতর গোপনীয়তা নিশ্চিত করতে হবে। ভোটাররা পছন্দের প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেবেন এবং ঘোষণাপত্রে নাম ও এনআইডি লিখে স্বাক্ষর করবেন। স্বাক্ষরে অক্ষম হলে অন্য ভোটার তা সত্যায়ন করবেন।


ভোট শেষে ব্যালট ও ঘোষণাপত্র নির্ধারিত স্ট্যাম্পবিহীন সেলফ-অ্যাডহেসিভ খামে সিলগালা করে রাখা হবে। পরে কারা কর্তৃপক্ষ এসব খাম নিরাপদভাবে সংগ্রহ করে ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবে।