কুড়িগ্রামে ৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে কাঁটাতারের বেড়া পার করে তাদের বাংলাদেশের ভেতরে প্রবেশ করানো হয়। দলে ৩ জন পুরুষ ও ৬ জন নারী ছিলেন। পরে ভোরের দিকে সাহেবেরখাষ এলাকা হয়ে বিভিন্ন সড়কে চলাচলের সময় গোলের হাট ও কচাকাটা বাজারসহ আশপাশের এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।
আটক এক ব্যক্তি জানান, তারা ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার একটি ডিটেনশন ক্যাম্পে ছিলেন এবং সেখান থেকে এনে রাতের অন্ধকারে সীমান্ত পার করে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, বিষয়টি যাচাই-বাছাই শেষে আটক ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










