এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদন
ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকারের মর্যাদায় আনতে এবং ভবিষ্যতে কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট বন্ধ না রাখার লক্ষ্যে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’–এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন অধ্যাদেশে পুরোনো আইনগুলো যুগোপযোগী করা হয়েছে। এতে ইন্টারনেট বন্ধের সুযোগ সীমিত করা, বিটিআরসির ক্ষমতা ও জবাবদিহিতা বাড়ানো, গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা এবং প্রতারণা ও অবৈধ কার্যক্রম দমনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনটিএমসি থাকবে কি না সে বিষয়ে একটি কমিটি পর্যালোচনা করবে বলেও জানান তিনি। বাজেট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সংশোধিত বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে এবং জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশে পৌঁছাবে বলে সরকার আশাবাদী।
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি জানান, সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দ্রুত বিচার আইনে মামলার নিষ্পত্তি করা হবে। পাশাপাশি বিএনপি নেতা তারেক রহমানের নিরাপত্তা নিয়েও আলোচনা চলছে এবং সরকার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে প্রেস সচিব পুনরায় বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া বৈঠকে ভারত-বাংলাদেশ চলমান উত্তেজনা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










