বাংলাদেশের নিম্নআয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান বাড়াতে বিশ্বব্যাংক অতিরিক্ত ১৫০.৭৫ মিলিয়ন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে। এই সহায়তা বিশেষভাবে নারী এবং জলবায়ু ঝুঁকিতে থাকা এলাকার জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি করবে।


বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় জানায়, অর্থটি RAISE (রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট) প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে। এর ফলে আগের সুবিধাভোগীদের পাশাপাশি আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণ সহায়তা পাবেন।


এই প্রকল্পে অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি, উদ্যোক্তা সহায়তা ও ক্ষুদ্রঋণ সুবিধা পাবেন। নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে শিশু যত্ন সেবা এবং জলবায়ু সহনশীল জীবিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।


বিশ্বব্যাংকের কর্মকর্তারা জানান, এই অর্থায়নের মাধ্যমে বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনে তরুণদের সহায়তা করা হবে। পাশাপাশি গ্রামাঞ্চলেও প্রকল্প সম্প্রসারণ, নারী উদ্যোক্তাদের স্টার্টআপ সহায়তা এবং চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের সংযোগে চাকরি মেলার আয়োজন করা হবে।


২০২১ সালে শুরু হওয়া RAISE প্রকল্পের অগ্রগতি ইতিবাচক বলে জানায় বিশ্বব্যাংক। প্রশিক্ষণপ্রাপ্তদের বড় অংশই অল্প সময়ের মধ্যে কাজ পেয়েছেন এবং ইতোমধ্যে বিপুলসংখ্যক ক্ষুদ্র উদ্যোক্তা ও বিদেশ ফেরত কর্মী এই প্রকল্পের মাধ্যমে সহায়তা পেয়েছেন।