মধুর ক্যান্টিনে ভাঙচুর, এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে বুধবার বিকেলে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক অজ্ঞাত যুবক হঠাৎ ক্যান্টিন এলাকায় উত্তেজিত আচরণ শুরু করে এবং ভেতরে ঢুকে টেবিলসহ আসবাবপত্র উল্টে ফেলে ক্ষতি সাধন করে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ওই যুবককে এলোমেলো কথা বলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের আগে সে ক্যান্টিনের সামনে লাগানো একটি পোস্টার ছিঁড়তে চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে ‘সাগর’ নামে পরিচয় দেয় এবং কুমিল্লার বাসিন্দা বলে দাবি করে।
ঘটনার পরপরই তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম। তবে এ ঘটনায় পরবর্তী আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা কী নেওয়া হবে, সে বিষয়ে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










