বিশেষ কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত কেবল বৈধ টিকিটধারী যাত্রীরাই বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। যাত্রীসেবা নির্বিঘ্ন রাখা, নিরাপত্তা জোরদার এবং সার্বিক কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীদের সঙ্গে আগত কোনো সঙ্গী বা সাধারণ দর্শনার্থী বিমানবন্দরে প্রবেশের অনুমতি পাবেন না। সাময়িক এই ব্যবস্থাপনা বাস্তবায়নে যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।