প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯ জন

নিজস্ব প্রতিবেদন
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে একই ঘটনায় সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সরাসরি জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর রাত থেকে ১৯ ডিসেম্বর ভোর পর্যন্ত কয়েক হাজার মানুষ বেআইনিভাবে জড়ো হয়ে গণমাধ্যম কার্যালয়ে হামলা ও আগুন দেয়। পুলিশ বাধা দিতে গেলে হামলাকারীরা মারমুখী হয়ে ওঠে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ফায়ার সার্ভিস আগুন নেভিয়ে ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।
ঘটনার পর জড়িতদের ধরতে বিশেষ অভিযান শুরু করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজনের কাছ থেকে লুণ্ঠিত ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই অর্থে কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ জব্দ করা হয়।
ডিএমপি জানায়, এ ঘটনায় দণ্ডবিধি, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










