ভোটে আর্থিক সাহায্য চেয়ে জারার পোস্ট, ৭ ঘণ্টায় পেলেন ১২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানিয়েছেন, নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে দেওয়া ভিডিওবার্তার পর মাত্র সাত ঘণ্টায় তিনি ১২ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে ডা. জারা লেখেন, স্বল্প সময়ের মধ্যে মানুষের এমন অভাবনীয় সাড়া তাদের প্রত্যাশারও বাইরে ছিল। তিনি অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানান, তার নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এর মধ্যে প্রায় ৩৪ লাখ টাকা সংগ্রহ হলেই তহবিল সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হবে।
তিনি আরও জানান, নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ায় রাতের পর বিকাশে লেনদেন সম্ভব হচ্ছে না, তবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপাতত অনুদান গ্রহণ করা হচ্ছে।
এর আগে সোমবার রাতে ফেসবুকে ভিডিওবার্তায় ডা. জারা বলেন, প্রচলিত রাজনীতিতে অতিরিক্ত ব্যয় ও অসততার সংস্কৃতি থেকে তিনি বেরিয়ে আসতে চান। আইনে অনুমোদিত সীমার বাইরে এক টাকাও ব্যয় করবেন না বলে অঙ্গীকার করেন তিনি। তার মতে, বিপুল ব্যয়ের রাজনীতি শেষ পর্যন্ত চাঁদাবাজি ও দুর্নীতির জন্ম দেয়, যা গণতন্ত্রকে সাধারণ মানুষের হাতছাড়া করে দেয়।
তিনি জানান, তার আসনে ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৭০ হাজার এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সর্বোচ্চ যে পরিমাণ ব্যয় করা যাবে, সেটিই তিনি জনগণের সহায়তায় সংগ্রহ করতে চান। প্রতিটি টাকার হিসাব প্রকাশ্যে ও স্বচ্ছভাবে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন ডা. তাসনিম জারা।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










